GeneralGlobal WatchSambad MatamatWorld

মধ্যবর্ত্তী নির্বাচন: ডেমোক্র্যাটিক পার্টির বিরাট সাফল্য, রিপাবলিকানদের প্রত্যাশা ও বাস্তবতা

দিলীপ চক্রবর্তী

গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন একটি অতি অবশ্য পদক্ষেপ যে কোন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের হাউস অফ কংগ্রেস সংবিধানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। হাউস অফ কংগ্রেসের দুটি কক্ষ – (১) সেনেট ও (২) হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। সেনেট হাউসের মেম্বারদের ‘সেনেটর’ বলা হয়, এবং ‘রিপ্রেজেন্টেটিভ বা কংগ্রেসম্যান’ নামে ডাকা হয় “হাউস অফ রিপ্রেজেন্টেটিভদের”। যুক্তরাস্ট্রে প্রতিটি রাজ্যের জন্য দুজন করে সেনেটর এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভএর জন্য ৪৩৫জন সভ্য আছেন। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয় প্রতি চার বছর অন্তর, সেনেটর নির্বাচন হয় ছয় বৎসর অন্তর আর কংগ্রেসম্যান নির্বাচিত হন প্রতি দুই বৎসর অন্তর। দেখা গেছে যে প্রতি প্রেসিডেন্টের দুই বছর অতিক্রান্তের সময় (অর্থাৎ মধ্যবর্তী সময়ে) একাংশ কংগ্রেসম্যান ও সেনেটরদের নির্বাচনের সময় এসে যায়। ২০২৬ এ এটাই হয়েছে, এবং প্রথা এবং নিয়ম মেনেই এ মধ্যবর্তী নির্বাচন হয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় মিডটার্ম নির্বাচন সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে। এই নির্বাচন শুধু কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করে না, বরং ক্ষমতাসীন প্রশাসনের প্রতি জনসমর্থনেরও একটি গুরুত্বপূর্ণ সূচক হয়ে ওঠে। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটি পার্টি অপ্রত্যাশিতভাবে বিপুল জয়লাভ করেছে, আর রিপাব্লিকান পার্টির পরাজয় তেমনই এক দৃষ্টান্তমূলক গভীর পরাজয়ের নজির সৃষ্টি করেছে। এ নজিরবিহীন ও অপ্রত্যাশিত নির্বাচনী ফলাফল রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বহু বিশ্লেষক এই নির্বাচনে এই ফলাফলে বিহ্বল হয়ে পরেছেন, এবং কোন সঠিক ব্যাখ্যা নেই তাদের কাছে।

নির্বাচনের আগে অধিকাংশ জরিপ ও রাজনৈতিক বিশ্লেষণে ধারণা করা হয়েছিল যে, মূল্যস্ফীতি, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং এবং ইরাণের যুদ্ধ এ নির্বাচনে বিরাট প্রভাব বিস্তার করবে। তবে রিপাব্লিকান পার্টির ধারণা ছিল প্রেসিডেন্টের জনপ্রিয়তা, ইজরায়েল ও যুদ্ধের প্রাথমিক অনুকূল পরিস্থিতি রিপাব্লিকানদের হয় স্বল্প ব্যবধানে জয়ী করবে, আর কোন কারণে পরাজয় হলেও তার ব্যপ্তি অতি নগণ্য হবে, কিন্তু বাস্তবে সকল সমীক্ষাকে ধুলিস্যাৎ করে ডেমক্রাটদের বিপুলভাবে জয়ী করেছে।

মার্কিন রাজনৈতিক ইতিহাসে প্রায়শই দেখা যায় যে, ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল মিডটার্ম নির্বাচনে আসন হারায়। এ কারণেই অনেক পর্যবেক্ষক একটি সম্ভাব্য “নীল বিপ্লব” বা “ডেমক্র্যাট সুনামির” পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু রিপাব্লিকানরা এ সম্ভাবনার কথা একদম আমল দেয়নি। রিপাব্লিকান দলে আত্মবিশ্বাস অগ্রাধিকার পেয়েছিল, যুদ্ধজনিত মূল্যস্ফীতির ভয়ঙ্কর যন্ত্রনার কথা, নাগরিকদের আর্থিক দুর্দশার কথা রিপাব্লিকান দল বুঝতে ভুল করেছে যে জন্য তারা আজ ভোটযুদ্ধে পরাজিত হয়ে দুই কক্ষের (সেনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভস) গরিষ্ঠতা এবং নিয়ন্ত্রণ হারিয়েছে।

রিপাব্লিকান দলের ভরাডুবি হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ আসন তারা ধরে রাখতে পেরেছে। অন্যদিকে ডেমক্র্যাটদের বিপুল জয় হলেও এ জয় নীতির জয় নয়, এ জয়ের কৃতিত্বের নাম অনেকটাই “রিপাব্লিকানদের ব্যর্থতা” এবং এ জয় ওদের হাতে তুলে দেওয়া হয়েছে। ডেমোক্র্যাটিক পার্টি অবশ্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয় এবং কিছু ক্ষেত্রে প্রত্যাশার চেয়েও ভালো ফল করে।

রিপাব্লিকান বিফলতা আর ডেমক্র্যাটিক সাফল্যের পিছনে কয়েকটি কারণের কথা উল্লেখ না করলেই নয়। সামগ্রিক ভরাডুবির কারণগুলির অন্যতম হলো আমেরিকার বর্তমান শাসনব্যবস্থা নাগরিকদের জীবনযাত্রার মান ক্রমশঃ নিম্নগামী করে দিয়েছিল।

হঠাৎ করে ইজরাইলের সাথে হাত মিলিয়ে ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হওয়াটা সাধারণ মানুষ প্রথমদিকে বিচলিত না হলেও ক্রমশঃ পেট্রলের মূল্যবৃদ্ধি ও দৈনন্দিন মূল্যবৃদ্ধি মানুষের জীবনযাত্রায় এক অসহ্য যন্ত্রনার সৃষ্টি করেছে। এর কারণে সাধারণ মানুষ রিপাব্লিকানপার্টি থেকে দূরে সরে গেছে এবং ভোট নামক বস্তুটি তারা ডেমক্র্যাটদের ঝুলিতে দিয়ে দিয়েছে।

ভোটারদের একটি বড় অংশ অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি সামাজিক ও সাংবিধানিক ইস্যুকেও গুরুত্ব দিয়েছে। বিশেষ করে গর্ভপাতের অধিকার, ভোটাধিকার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ অনেক ভোটারকে প্রভাবিত করেছে। ডেমোক্র্যাটিক প্রার্থীরা এসব ইস্যুকে কার্যকরভাবে সামনে নিয়ে আসতে সক্ষম হয়ে ভোটারদের নিজদের দিকে আনতে সক্ষম হয়েছে।

দ্বিতীয়ত, তরুণ ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল। বিশ্ববিদ্যালয়পড়ুয়া ও তরুণপ্রজন্মের কাছে পরিবেশ, শিক্ষাব্যয়, স্বাস্থ্যপরিসেবা এবং সামাজিক বিচারের ন্যায় ও সমানাধিকারের মত বিষয়গুলি অগ্রাধিকার পেয়েছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এই ভোটারদের উল্লেখযোগ্য একটি অংশ ডেমক্র্যাটদের সমর্থন করেছে এবং ভোট দিয়েছে। ফলে বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে ডেমোক্র্যাটরা সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

রিপাবলিকানদের জন্য সঠিক বার্তা তুলে ধরা সহজ ছিল না, কারণ  ছিল দলের অভ্যন্তরীণ নীতির মতপার্থক্য। দলের বিভিন্ন নেতা ভিন্ন রাজনৈতিক বার্তা তুলে ধরেছে, যা মধ্যপন্থী ভোটারদের কাছে বিভ্রান্তিকর মনে হয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে, রিপাবলিকান পার্টির কিছু প্রার্থী তাদের মূল সমর্থকদের আকর্ষণ করতে সফল হলেও স্বতন্ত্র বা নিরপেক্ষ ভোটারদের সমর্থন যথেষ্ট পরিমাণে অর্জন করতে পারেননি। রিপাব্লিকানরা তাদের বার্তা সুঠিকভাবে তুলে ধরতে পারেনি, কারণ তাদের প্রচার ডেমক্র্যাটদের প্রচার ও অপপ্রচারকে খন্ডন করতে পারেনি। সংবাদমাধ্যমে ডেমক্র্যাটদের নৈপূন্য অনস্বীকার্য।

অন্যদিকে ডেমোক্র্যাটরা নিজেদের প্রচারে অপেক্ষাকৃত বিস্তৃত ভোটার গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করেছে। তারা অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলোর পাশাপাশি সামাজিক ইস্যুগুলোকেও সমান গুরুত্ব দিয়েছে। এর ফলে শহরাঞ্চল, উপশহর এবং শিক্ষিত ভোটারদের একটি অংশ তাদের প্রতি আস্থা প্রকাশ করেছে।

ডেমোক্র্যাটিক পার্টির এই সাফল্যকে আপাত দৃষ্টিতে বিরাট সাফল্য মনে হলেও একতরফা বিজয় হিসেবে দেখার সুযোগ নেই। এখানে একটি সাফল্যের কথা না বললে ভোটের গল্পটি পূর্ণ হবে না। ক্যানসাস রাজ্যের একটি আসনে ৯৪ বছর পরে একজন ডিমক্র্যাট নির্বাচিত হয়েছেন। এ জয় একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

মিশিগানরাজ্য সেনেটের নির্বাচনে ইতিহাস সৃষ্টি করেছে একজন মুসলিমকে নির্বাচিত করে। তিনি হলেন আবদুল-এল-সায়েদ। যদিও তাঁর বিরুদ্ধে অভিযোগ – তিনি “মুসলিম ব্রাদারহুডের” সমর্থক।  যুক্তরাষ্ট্রের রাজনীতি এখনও অত্যন্ত বিভক্ত, অনেক অঙ্গরাজ্যে দুই দলের ভোটের ব্যবধান ছিল খুবই সামান্য। অর্থাৎ, ভোটারদের বড় একটি অংশ এখনও রিপাবলিকান নীতিমালার প্রতি আস্থা রাখে। তাই আগামী নির্বাচনগুলোতে প্রতিযোগিতা সমানভাবে তীব্রতর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই মিডটার্ম নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি ভবিষ্যৎ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতি ও রাজনৈতিক বার্তা বহন করে। ডেমোক্র্যাটদের আত্মবিশ্বাস একটু বৃদ্ধি পেয়েছে যে তারা কঠিন রাজনৈতিক পরিবেশেও ভোটারদের সমর্থন ধরে রাখতে সক্ষম। একই ভাবে রিপাবলিকানদের জন্য এটি আত্মসমালোচনা ও পুনর্মূল্যায়নের একটি সুযোগ তৈরি করেছে। দলটি সম্ভবত তাদের বার্তা, প্রার্থী নির্বাচন এবং ভোটার যোগাযোগের কৌশল নতুনভাবে আলোচনা ও বিবেচনা করবে।

সামগ্রিকভাবে বলা যায়, এই মিডটার্ম নির্বাচন শুধু ডেমোক্র্যাটিক পার্টির সাফল্য বা রিপাবলিকান পার্টির ব্যর্থতার গল্প নয়। বরং এটি মার্কিন ভোটারদের পরিণত মানসিকতার প্রতিফলন। পরিবর্তনের অগ্রাধিকার, রাজনৈতিক সংস্কৃতির রূপান্তর এবং গণতান্ত্রিক অংশগ্রহণের শক্তির প্রদর্শন। ফলাফল দেখিয়েছে যে অর্থনীতি গুরুত্বপূর্ণ হলেও সামাজিক ও সাংবিধানিক প্রশ্নও ভোটারদের সিদ্ধান্তে গভীর প্রভাব ফেলতে পারে।

এখন নির্বাচন-পরবর্তী সময়ে মূল ধার্য বিষয় হলো শাসন ও নীতির পরিবর্তন। ডেমোক্র্যাটদের সম্মুখে রয়েছে বাস্তব নির্বাচন প্রতিশ্রুতির বাস্তবায়নের দায়িত্ব, আর রিপাবলিকানদের সামনে রয়েছে নিজেদের রাজনৈতিক অবস্থানের পরিবর্তন এবং নাগরিকদের সামনে তাদের নীতি তুলে ধরা । এই নির্বাচনের প্রকৃত তাৎপর্য নির্ধারিত হবে নির্বাচনী ফলাফলের মাধ্যমে নয়, বরং আগামী বছরগুলোতে ডেমক্র্যাট বা রিপাব্লিকান নেতৃত্ব দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে কতটা সহযোগিতার ভূমিকা রাখতে পারে তার ওপর।                           ডেমক্র্যাট পার্টি সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এ স্বস্তিদায়ক গরিষ্ঠতা পেয়েছে, যদি তারা ইম্পিচমেন্ট প্রতিহিংসার রাজনীতির খেলায় মত্ত হয়, তা হলে তারা দেশের সাধারণ মানুষের যে বিপুল সমর্থন পেয়েছে, সেটা ধরে রাখতে পারবে কি না তার উত্তর একমাত্র ভবিষ্যৎ নির্বাচনই দিতে সক্ষম হবে।

তথ্যসংবলিত অনুচ্ছেদ (১) – ২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মিডটার্ম নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের জন্য ভোট গ্রহণ হয়। নির্বাচনে ডেমোক্র্যাটরা সেনেট এবং হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ এ তাদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছ। হাউস অব রিপ্রেজেন্টেটিভস এ ডেমক্র্যাট – ২৫৯  (রিপাব্লিকান – ১৭৬) পেয়ে সংখ্যা গরিষ্ঠতা পায়। 

(২) – সেনেটে এই প্রথম একজন মুসলিম ( আব্দুল-এল-সায়েদ) নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন।

প্রস্তাবিত সূত্র : গুগুল ও অন্যান্য, Pic courtesy: Capital.com

Leave a Reply

Your email address will not be published.